ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের এমপি নুরুল আমিন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৫:৩৪ পিএম

সড়ক দুর্ঘটনায় মিরসরাইয়ের এমপি নুরুল আমিন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা নুরুল আমিন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য এবং তাঁর গাড়িচালক মনির গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এমপি নুরুল আমিন কুমিল্লা থেকে ব্যক্তিগত গাড়িতে করে মিরসরাই ফিরছিলেন। ফেনীর মোহাম্মদ আলী এলাকায় পৌঁছালে তাঁকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা ডিভাইডারের ওপর উঠে যায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা সংসদ সদস্য ও চালক আটকা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।

দুর্ঘটনার পর আহত সংসদ সদস্যকে তাৎক্ষণিকভাবে মিরসরাইয়ের বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ও শরীরের বিভিন্ন অংশে আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমপি নুরুল আমিনের দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে মিরসরাই ও চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালে তাঁকে দেখতে ভিড় করছেন দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত থাকলেও অভ্যন্তরীণ কোনো চোট আছে কি না, তা চমেক-এ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
 

ডিজিএন/এনএস

banner
Link copied!