ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৯:০৫ পিএম

হঠাৎ অসুস্থ জামায়াত আমির ডা. শফিকুর রহমান

পবিত্র রমজান মাসের প্রথম দিনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি শারীরিক অসুস্থতা বোধ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজধানীর কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ডা. শফিকুর রহমানের। তিনি নির্ধারিত সময়েই অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তবে পথিমধ্যে হঠাৎ তিনি কয়েকবার বমি করেন এবং শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি অনুষ্ঠানে যোগ না দিয়ে দ্রুত চিকিৎসার জন্য ফিরে যান।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আমিরে জামায়াত সুস্থ শরীরেই ইফতার মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু পথিমধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি আসতে পারেননি। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চাচ্ছি।”

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনও অনুষ্ঠানে সমবেত সবার কাছে আমিরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করার আহ্বান জানান। বর্তমানে তিনি নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!