ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

জেদ্দায় ওআইসি নেতাদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১১:৩৮ এএম

জেদ্দায় ওআইসি নেতাদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নতুন সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসি সচিবালয়ে ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক জরুরি বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে ওআইসি সদস্য দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দ বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন।

ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীসহ প্রভাবশালী দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত বিশ্বনেতারা বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুভেচ্ছা জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল ও জোরালো অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলে তাঁরা বিশ্বাস প্রকাশ করেন।

সফরের অন্যতম বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি ওআইসি দেশগুলোর অকুণ্ঠ সমর্থন। আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এই মর্যাদাপূর্ণ পদের নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিজেই।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে মুসলিম দেশগুলোর প্রতি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান এবং ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে বাংলাদেশের সক্রিয় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!