সাপ্তাহিক ছুটির দিনেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রবেশ করেন। সরকার প্রধানকে স্বাগত জানান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধানমন্ত্রী আজ দিনভর কার্যালয়ে বিভিন্ন নথিপত্র পর্যালোচনা এবং অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। বিশেষ করে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন বলে জানা গেছে। এর আগে গত ২১ ফেব্রুয়ারি ছুটির দিনেও তিনি কার্যালয়ে অফিস করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন।
দিনের রাষ্ট্রীয় কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আজ বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দেবেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) এই ইফতারের আয়োজন করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি জামায়াতের পক্ষ থেকে তাকে এই আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি সপরিবারে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ছুটির দিনেও প্রধানমন্ত্রীর এই নিরলস পরিশ্রম এবং বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ দেশে এক নতুন ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :