ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Daily Global News

যেকোন সময় স্বেচ্ছাসেবক দলের দুই মহানগর ও কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মো. কামাল হোসেন

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৯:৪২ পিএম

যেকোন সময় স্বেচ্ছাসেবক দলের দুই মহানগর ও কেন্দ্রীয় কমিটি ঘোষণা

যেকোনো মুহূর্তে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। বিএনপির হাইকমান্ডের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমান তিন বছর মেয়াদি কমিটির মেয়াদ ইতিমধ্যেই শেষ হওয়ায় এই অঙ্গসংগঠনটিকে নতুন করে ঢেলে সাজানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান।

দলীয় সূত্রমতে, স্বেচ্ছাসেবক দলের বর্তমান সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রীত্বও পেয়েছেন। রাষ্ট্রীয় ও সংসদীয় কাজের ব্যস্ততার কারণে তাঁরা আগের মতো সংগঠনে সময় দিতে পারছেন না। ফলে মেয়াদোত্তীর্ণ বর্তমান কমিটি যেকোনো সময় ভেঙে দিয়ে নতুন শক্তিশালী কমিটি ঘোষণার সম্ভাবনাই বেশি। এই গ্রিন সিগন্যাল পাওয়ার পর থেকেই শীর্ষ পদ পেতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রনেতাদের দৌড়ঝাঁপ ও লবিং শুরু হয়ে গেছে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নতুন কমিটিতে পদ পেতে রাজপথের লড়াকু ও ছাত্রদলের সাবেক ত্যাগী নেতারাই এগিয়ে রয়েছেন।

সভাপতি পদ: কেন্দ্রীয় সভাপতি পদের রেসে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী। তাঁর পাশাপাশি জোরালো আলোচনায় আছেন সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান সভাপতি জহির উদ্দিন তুহিন।

সাধারণ সম্পাদক পদ: এই গুরুত্বপূর্ণ পদে আলোচনার শীর্ষে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদ: এছাড়া কেন্দ্রীয় কমিটির অন্যান্য শীর্ষ পদের জন্য জোর লবিং চালাচ্ছেন বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ খান, সাবেক প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির এবং ঢাকা মহানগর উত্তরের বর্তমান সভাপতি শেখ ফরিদ আহমেদ।

স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটিতে শীর্ষ পদের জন্য চারজন সাবেক ছাত্রনেতার নাম শোনা যাচ্ছে। এঁরা হলেন: কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি মো. হানিফ তপন। উত্তর মহানগরের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. লিটন মাহমুদ বাবু। বর্তমান সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি। সিনিয়র যুগ্ম-সম্পাদক রুহুল আমিন সোহেল।

ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটিতে পদের জন্য সবচেয়ে বেশি প্রতিযোগিতা চলছে। বিশেষ করে বর্তমান সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার কেন্দ্রীয় কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেলে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হতে চান। তাঁর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাও দক্ষিণ মহানগরের সভাপতি পদের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। এছাড়া এই কমিটির রেসে আছেন সাবেক সহ-সভাপতি মো. আব্দুল জলিল এবং সিনিয়র যুগ্ম-সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন রিন্টু।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদের জন্য কেন্দ্রীয় কমিটির সাবেক সমবায় সম্পাদক মোশারেফ হোসেন মুশু এবং সাবেক সহ-সভাপতি মো. আব্দুল জলিল জোর তৎপরতা চালাচ্ছেন।

কমিটি পুনর্গঠনের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শেখ ফরিদ হোসেন বলেন, “আমাদের দলের চেয়ারম্যান মহোদয় দেশের প্রায় সব রাজনৈতিক সংগঠন ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন। তখন আমাদের উত্তরের বিষয়েও তিনি সঠিক সিদ্ধান্ত দেবেন।”

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন বলেন, “বর্তমান কমিটি পূর্ণাঙ্গ করতে পারলে ভালো হতো। তবে আমাদের দলের চেয়ারম্যান মহোদয় রাষ্ট্রীয় কাজে অত্যন্ত ব্যস্ত থাকায় কিছুটা দেরি হচ্ছে। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেটাই চূড়ান্ত।”

কেন্দ্রীয় কমিটির সভাপতি পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী বলেন, “কমিটির মেয়াদ শেষ হলে আবার নতুন কমিটি হবে, এটাই স্বাভাবিক নিয়ম। আমাদের অভিভাবক দলের চেয়ারম্যান যখন চাইবেন, তখনই নতুন কমিটি আসবে এবং আমরা তা মেনে নেব।”

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, এবারের নতুন কমিটিতে বিগত দিনের আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা এবং ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে দলে অবদান রাখা পরিচ্ছন্ন ইমেজের নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হবে।

ডিজিএন/এনএস

banner
Link copied!