পবিত্র ওমরাহ পালন শেষে জেদ্দায় নিজ বাসায় ফেরার পথে সৌদি আরবের আবহা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন, মিজানুর রহমান মিজান (৪০) সৌদি প্রবাসী, ফারজানা আক্তার সুমি (৩০) মিজানের স্ত্রী। মেহের আফরোজ (১৩) মিজানের বড় মেয়ে, ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সুবহা আক্তার (দেড় বছর): মিজানের ছোট মেয়ে। মো. জিলানী বাবর (৩০): গাড়ির চালক, তিনি মিজানের প্রতিবেশী ছিলেন।
এই ভয়াবহ ঘটনায় মিজানের মেঝো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে বর্তমানে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পারিবারিক সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি মিজান তাঁর স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ করতে গিয়েছিলেন। ৫ দিন আগে তাঁরা বাসা থেকে বের হন এবং ওমরাহ শেষে ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।”
নিহত মিজানের বাড়ি রামগঞ্জের ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামে এবং চালক জিলানী বাবরের বাড়ি একই ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে। এই খবর গ্রামে পৌঁছানোর পর এলাকায় শোকের মাতম চলছে।


আপনার মতামত লিখুন :