ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

নিউইয়র্কে দুই রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ, বাংলাদেশি চিকিৎসক গ্রেপ্তার

প্রবাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ১১:০১ এএম

নিউইয়র্কে দুই রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ, বাংলাদেশি চিকিৎসক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ১৫ বছর বয়সী এক কিশোরী ও ২০ বছর বয়সী এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে ফজলুল এইচ ইউসুফ (৭২) নামে এক বাংলাদেশি চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ অক্টোবর কুইন্সের ফ্লাশিং এলাকায় নিজের ক্লিনিকে চিকিৎসা দেওয়ার সময় তিনি রোগীদের ওপর এই নিপীড়ন চালান বলে অভিযোগ উঠেছে।

মামলার বিবরণ অনুযায়ী, চিকিৎসা দেওয়ার অজুহাতে ডা. ফজলুল ইউসুফ রোগীদের সম্মতি ছাড়াই তাঁদের শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন। নিপীড়নের শিকার দুই রোগীকেই তিনি তাঁর ক্লিনিকে কাজ করার প্রস্তাব দেন। এক রোগীর শরীরে হাত দেওয়ার সময় তিনি আপত্তিকর মন্তব্য করে বলেন, “ইউ আর বিউটিফুল। হোয়াই ডোন্ট ইউ কাম ওয়ার্ক ফর মি?”

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গত ২৭ অক্টোবর নিউইয়র্ক পুলিশের স্পেশাল ভিকটিম স্কোয়াড তাঁকে গ্রেপ্তার করে কুইন্সের ফৌজদারি আদালতে হাজির করে। আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। বিচারক ইন্দিরা দেবি খান তাঁকে ১০ হাজার ডলার নগদ বন্ড ও ৩০ হাজার ডলারের বিমা বন্ডে জামিন মঞ্জুর করেন এবং অভিযোগকারীদের থেকে সম্পূর্ণ দূরে থাকার কড়া নির্দেশ দেন। জামিনে মুক্ত হওয়ার পর গত ৩০ অক্টোবর আদালতে হাজিরা দেন এই চিকিৎসক। তাঁর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৭ জানুয়ারি।

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, এই চিকিৎসকের বিরুদ্ধে জোরপূর্বক শরীর স্পর্শ এবং এক কিশোরীর নিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই চিকিৎসকের দ্বারা একই ধরনের ঘটনার শিকার অন্য কোনো ভুক্তভোগী থাকলে তাঁরা চাইলে পরিচয় গোপন রেখে পুলিশের হটলাইন বা ওয়েবসাইটে অভিযোগ জানাতে পারবেন।

উল্লেখ্য, বগুড়ায় জন্মগ্রহণকারী অভিযুক্ত ডা. ফজলুল ইউসুফ চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৩-২০১৫ মেয়াদে উত্তর আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (বিএমএএনএ) নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
 

ডিজিএন/এফএ

banner
Link copied!