লিবিয়া উপকূল থেকে জীবনের চরম ঝুঁকি নিয়ে নৌকায় ভূমধ্যসাগর পেরিয়ে গ্রিসের ক্রিট দ্বীপে পৌঁছানোর চেষ্টাকালে দুই শতাধিক অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড।
গ্রিক সংবাদমাধ্যম ‘দেমোক্রাতিয়া’ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে অন্তত ২০২ জন অভিবাসনপ্রত্যাশী ক্রিট উপকূলে এসে পৌঁছানোয় সেখানকার অস্থায়ী অভ্যর্থনা কেন্দ্রগুলোতে মারাত্মক চাপের সৃষ্টি হয়েছে।
উদ্ধার হওয়া এসব অভিবাসীর একটি বড় অংশই বাংলাদেশ ও সুদানের নাগরিক, যাদের সঙ্গে মিশরের কিছু নাগরিকও রয়েছেন।
ইউরোপের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি উড়োজাহাজের সাহায্যে গত বৃহস্পতিবার সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রায় ৪০ জন আরোহীসহ নতুন একটি নৌকা শনাক্ত করা হয়।
এর কয়েক ঘণ্টা আগেই ১১২ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী আরও দুটি নৌকা সেখানে পৌঁছায়। এর মধ্যে প্রথম নৌকায় থাকা ৫৬ জনের মধ্যে ২৫ জন বাংলাদেশি ও ৩১ জন সুদানের নাগরিক ছিলেন।
অন্যদিকে, দ্বিতীয় নৌকার ৫৬ জন যাত্রীর মধ্যে ৪৭ জনই ছিলেন বাংলাদেশি এবং বাকি ৯ জন মিশরের নাগরিক। উন্নত জীবনের আশায় এভাবে জীবনের ঝুঁকি নিয়ে বিপদসংকুল সাগর পাড়ি দেওয়ার এই ঘটনা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :