ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Daily Global News

যথাযোগ্য মর্যাদায় আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ১০:২৫ এএম

যথাযোগ্য মর্যাদায় আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে

আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন। ৫৭০ খ্রিষ্টাব্দে আরবি বর্ষের ১২ রবিউল আউয়াল মহানবী (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩ বছরের জীবনে ইহকালীন ও পরকালীন মুক্তির পথ দেখিয়ে একই তারিখে তিনি ইন্তেকাল করেন।

আরব দুনিয়া যখন আইয়ামে জাহেলিয়াত বা পাপাচারের অন্ধকারে ডুবে ছিল, তখন আলোকবর্তিকা হয়ে জন্ম নেন আল্লাহর রাসুল (সা.)। মক্কার কুরাইশ বংশের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই মহাপুরুষ অল্প বয়সেই সত্যবাদিতা ও সততার প্রতীক হয়ে ওঠেন এবং শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত হন।

ক্ষমাশীলতা, দানশীলতা ও সহিষ্ণুতায় তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হন। ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করে দীর্ঘ ২৩ বছর তিনি ইসলামের শান্তির বার্তা প্রচার করেন এবং মদিনায় একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরাও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। রাসুল (সা.)-এর সম্মানে কোরআনখানি, নফল নামাজ, রোজা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দিনটি উপলক্ষে রাজধানীর প্রধান সড়কগুলো কালেমাখচিত ও জাতীয় পতাকায় সাজানো হয়েছে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। সংবাদপত্র কার্যালয়ও আজ বন্ধ থাকছে। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদ মাগরিব থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এই কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশ ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে সাম্য ও মানবিকতার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!