হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের পর ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এবার হজযাত্রীদের জন্য বড় সুখবর হলো, বিমান ভাড়া এক ধাক্কায় ৩৭ হাজার টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আনুষ্ঠানিকভাবে এই দুটি প্যাকেজের বিস্তারিত তথ্য ও খরচ তুলে ধরেন।
ঘোষিত প্যাকেজ দুটির মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর মোট খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এই প্যাকেজের অধীনে হজযাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে এক হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় উন্নত আবাসন সুবিধা পাবেন। মিনায় তাদের জন্য জোন-২-এ তাঁবুর ব্যবস্থা থাকবে। পাশাপাশি মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী প্রয়োজনীয় সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ করা হবে। ৩৫ থেকে ৪০ দিন মেয়াদী এই প্যাকেজে কেউ চাইলে অতিরিক্ত অর্থ পরিশোধ করে রুম আপগ্রেডেশন এবং স্বল্পমেয়াদি বা শর্ট প্যাকেজের সুবিধাও নিতে পারবেন।
অন্যদিকে, তুলনামূলক কম খরচে হজে যেতে আগ্রহীদের জন্য রাখা হয়েছে ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’। ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা মূল্যের এই প্যাকেজে মক্কায় হারাম শরীফ থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে থাকার ব্যবস্থা করা হবে। মিনায় এই প্যাকেজের তাঁবু থাকবে জোন-৫-এ। প্রথম প্যাকেজের মতোই এখানেও মোয়াল্লেমের মাধ্যমে খাবার ও `সার্ভিস প্যাকেজ-৩` এর সুবিধা মিলবে। তবে মক্কায় নির্ধারিত হোটেল যদি হারাম শরীফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হয়, সেক্ষেত্রে সৌদি সরকারের নিয়ম মেনে যাতায়াতের জন্য সার্বক্ষণিক সালাওয়াত বাসের ব্যবস্থা রাখা হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের হজে সরকারি ব্যবস্থাপনায় যে দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, সেগুলোর খরচ ছিল যথাক্রমে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।


আপনার মতামত লিখুন :