ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
Daily Global News

চট্টগ্রামকে উড়িয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রাজশাহী

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১০:৫৫ পিএম

চট্টগ্রামকে উড়িয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রাজশাহী

সব উত্তেজনার ইতি ঘটিয়ে বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা ঘরে তুলল রাজশাহী ওয়ারিয়র্স। আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাজমুল হোসেন শান্তর দল। এটি রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ইতিহাসের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী রয়্যালস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান। উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। তবে ম্যাচের আসল নায়ক তানজিদ হাসান তামিম। বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএল ফাইনালের ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। ৬২ বলে ১০০ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৭টি ছক্কায়। এর আগে ফাইনালে সেঞ্চুরির কৃতিত্ব ছিল কেবল ক্রিস গেইল ও তামিম ইকবালের। তানজিদের সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের ২৪ রানের সৌজন্যে ২০ ওভারে ১৭৪ রানের লড়াকু পুঁজি পায় রাজশাহী।

ছবি : ডিজিএন

১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে চট্টগ্রাম রয়্যালস। দলীয় ১৮ রানেই দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও মাহমুদুল হাসান জয়কে হারিয়ে চাপে পড়ে তারা। মির্জা বেগের ৩৯ ও আসিফ আলীর ২১ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে। রাজশাহীর বোলারদের তোপের মুখে পুরো ২০ ওভার খেলতে পারলেও মাত্র ১১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

রাজশাহীর পক্ষে বল হাতে আগুন ঝরিয়েছেন লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে তিনি শিকার করেন ৪টি উইকেট। এছাড়া তরুণ স্পিনার হাসান মুরাদ নেন ৩টি উইকেট। জিমি নিশাম পান ২ উইকেট।

এই জয়ের ফলে বিপিএলের ইতিহাসে দুবার শিরোপা জয়ের তালিকায় নাম লেখালো রাজশাহী। বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। তিনবার ঢাকা, দুবার করে রাজশাহী ও বরিশাল এবং একবার করে শিরোপা জিতেছে রংপুর ও সিলেট।

একনজরে ফাইনাল স্কোরকার্ড: রাজশাহী ওয়ারিয়র্স: ১৭৪/৪ (২০ ওভার) (তানজিদ ১০০, ফারহান ৩০, উইলিয়ামসন ২৪; শরিফুল ২/৩২)

চট্টগ্রাম রয়্যালস: ১১১/১০ (২০ ওভার) (মির্জা বেগ ৩৯, আসিফ আলী ২১; বিনুরা ফার্নান্দো ৪/৯, মুরাদ ৩/১৮)

ফল: রাজশাহী ৬৩ রানে জয়ী।

ম্যাচসেরা: তানজিদ হাসান তামিম।

ডিজিএন

banner
Link copied!