ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২
Daily Global News

বাংলাদেশের অপমানে ক্ষুব্ধ পাকিস্তান: বিশ্বকাপে তিন বিকল্প সিদ্ধান্ত পিসিবির

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:১০ পিএম

বাংলাদেশের অপমানে ক্ষুব্ধ পাকিস্তান: বিশ্বকাপে তিন বিকল্প সিদ্ধান্ত পিসিবির

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সংহতি প্রকাশ এবং ভারতের ‘একঘেয়েমি’ আচরণের প্রতিবাদে নজিরবিহীন পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টে অংশ নিয়েও কীভাবে জোরালো প্রতিবাদ জানানো যায়, তা নিয়ে পিসিবির অভ্যন্তরীণ বৈঠকে তিনটি বিশেষ বিকল্প নিয়ে আলোচনা চলছে। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সম্প্রতি বোর্ড কর্মকর্তা ও সাবেক ক্রিকেটারদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সূত্রমতে, পিএসএল-সংক্রান্ত এক কর্মশালায় নকভি বলেন, "বাংলাদেশ দলকে অবহেলা ও অপমান করা হয়েছে। তাদের এই সংকটে একা ছেড়ে দেওয়া উচিত নয়।" ক্রিকেটের স্বার্থে বাংলাদেশের অবস্থানের প্রতি পিসিবি সম্মান জানায় বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্বকাপে প্রতিবাদের ভাষা হিসেবে পিসিবি যে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে ভাবছে:

১. কালো বাহুবন্ধনী: টুর্নামেন্টের ম্যাচগুলোতে পাকিস্তানের ক্রিকেটাররা কালো বাহুবন্ধনী পরে মাঠে নামতে পারেন, যা হবে বাংলাদেশের প্রতি সংহতির প্রতীক।

২. ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত হাই-ভোল্টেজ ম্যাচটি বয়কট করার কথা ভাবছে পিসিবি। ভারতের আচরণের প্রতিবাদ হিসেবেই এমন কঠোর সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।

৩. জয় উৎসর্গ: বিশ্বকাপে পাকিস্তান প্রতিটি ম্যাচে জয়লাভ করলে সেই জয়গুলো বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের নামে উৎসর্গ করার পরিকল্পনা রয়েছে।

এই স্পর্শকাতর ও রাজনৈতিক গুরুত্বসম্পন্ন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আজই প্রধানমন্ত্রীর সঙ্গে মহসিন নকভির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই নির্ধারিত হবে পাকিস্তান বিশ্বকাপে কোন ধরণের প্রতিবাদী ভূমিকা পালন করবে।

মহসিন নকভি স্পষ্ট করেছেন, ক্রিকেটকে রাজনৈতিক হাতিয়ার বানানো কারো জন্যই শুভ নয়। পিসিবি বাংলাদেশের নীতিনির্ভর অবস্থানের পাশে থাকতে চায়, তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা।

ডিজিএন

banner
Link copied!