ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

ক্ষমতায় টিকে থাকতেই কি ইরানে নতুন হামলার তোড়জোড় নেতানিয়াহুর?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৭:৫৫ এএম

ক্ষমতায় টিকে থাকতেই কি ইরানে নতুন হামলার তোড়জোড় নেতানিয়াহুর?

ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর জন্য তোড়জোড় শুরু করেছেন ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তাঁর এই উদ্যোগ নিয়ে ইসরায়েলের ভেতরেই তীব্র প্রশ্ন ও বিতর্ক দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচকদের মতে, জাতীয় নিরাপত্তার চেয়েও নিজের ক্ষমতা টিকিয়ে রাখতেই ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়াতে চাইছেন তিনি।

গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বর্তমানে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু বড় ধরনের রাজনৈতিক চাপে রয়েছেন। এমন পরিস্থিতিতে বিরোধীদের নিয়ে ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের প্রস্তাব দিলেও তাতে এখনো সাড়া মেলেনি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইরানে নতুন হামলার যৌক্তিকতা তুলে ধরে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন নেতানিয়াহু। পাশাপাশি হোয়াইট হাউস, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি দলও পাঠিয়েছেন তিনি।

তবে ঠিক এই মুহূর্তে কেন ইরানে হামলা চালানো জরুরি, এর মাধ্যমে কী অর্জন হবে কিংবা হামলাটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে তা কীভাবে সামাল দেওয়া হবে এসব প্রশ্নের কোনো স্পষ্ট জবাব এখনো ইসরায়েলের নাগরিকদের দেননি নেতানিয়াহু। ফলে এই হামলা ইসরায়েলের নাকি কেবল নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ রক্ষা করবে, তা নিয়ে সংশয় বাড়ছে।

তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএসএস) ইরানবিষয়ক গবেষণার প্রধান রাজ জিমট জানান, ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে উঠছে এ বিষয়ে দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে আলোচনা রয়েছে। অদূর ভবিষ্যতে আগাম সামরিক পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তাঁদের মধ্যে ঐকমত্য থাকলেও সময় নির্ধারণ নিয়ে মতভেদ আছে। জিমটের ভাষায়, “এখনই কি সত্যিই পদক্ষেপ নেওয়া প্রয়োজন? আমার এ নিয়ে সন্দেহ আছে।”

ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যেও এখন এমন ধারণা জোরালো হচ্ছে যে ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু যেকোনো ঝুঁকি নিতে পারেন। বামপন্থী দল ডেমোক্র্যাটসের নেতা ও সাবেক উপ-সেনাপ্রধান ইয়ার গোলান সরাসরি অভিযোগ করে বলেন, “নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহু ইসরায়েলকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। দেশের ইতিহাসের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যর্থতার জন্য দায়ী একটি সরকারের নতুন সামরিক অভিযান শুরুর কোনো যৌক্তিকতা নেই।”

এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সম্প্রতি বিরোধীদলীয় জোটের নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। সোমবার আইজেনকট স্পষ্ট জানিয়ে দেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিংবা নতুন সরকার গঠনের আগে ইরানে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো কোনো তাৎক্ষণিক হুমকি তিনি দেখছেন না।

জবাবে নেতানিয়াহু এক বিবৃতিতে দাবি করেন, যাঁরা তাৎক্ষণিক হুমকিকে খাটো করে দেখছেন, তাঁরা রাজনৈতিক উদ্দেশ্য থেকেই তা করছেন। আর প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যানের দাবি, ইরান প্রশ্নে নেতানিয়াহুর একমাত্র বিবেচনা হলো ইসরায়েল ও এর নাগরিকদের নিরাপত্তা।

ইরানে ইসরায়েল এককভাবে হামলা চালাবে, নাকি যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ও পাল্টা হামলা মোকাবিলায় মার্কিন নিশ্চয়তার অপেক্ষা করবে তা এখনো অস্পষ্ট। ইসরায়েলের তিনজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সামরিক বাহিনীর অবস্থান হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে হামলার সুযোগ তৈরি হলেই কেবল মাঠে নামা উচিত। আগামী জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে সেই সুযোগ সীমিত হয়ে আসতে পারে এমন আশঙ্কা থাকা সত্ত্বেও জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা এখনই একক হামলার বিপক্ষে।

বিশ্লেষকদের মতে, এখনই ইরানের সঙ্গে সংঘাত শুরু হলে তা নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে। আগামী ৬ ডিসেম্বরের সময়সীমার মধ্যে আইজেনকটের সরকার গঠনের প্রচেষ্টা এতে বাধাগ্রস্ত হতে পারে। পাশাপাশি জাতীয় জরুরি পরিস্থিতি তৈরি হলে ২০২৩ সালের ৭ অক্টোবরের মতো আবারও জাতীয় ঐক্যের সরকার গঠনের চাপ বাড়বে, যেখানে নেতানিয়াহুও অংশীদার হতে পারবেন।

উল্লেখ্য, ১২০ আসনের পার্লামেন্টে এবার বিরোধী দলগুলো পেয়েছে ৬৭টি আসন, যার মধ্যে আরব দলগুলোর রেকর্ড ১৯টি আসন রয়েছে। একক দল হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি এবং আইজেনকটের ইয়াশার পার্টি ২১টি আসন পেয়েছে। নির্বাচনের আগে ঐক্যের সরকারের সম্ভাবনা নাকচ করলেও ৭ নভেম্বর থেকে হঠাৎ করেই এর পক্ষে প্রচার চালাচ্ছেন নেতানিয়াহু। তাঁর দাবি, সবচেয়ে বড় দল হিসেবে লিকুদেরই এই সরকারের নেতৃত্ব দেওয়া উচিত।

এরই মধ্যে গত বুধবার ও বৃহস্পতিবার আইজেনকটের জোটের দুই গুরুত্বপূর্ণ নেতা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট (বিয়াচাদ পার্টি) এবং আভিগদর লিবারম্যানের (ইসরায়েল বেইতেনু) সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ ব্রিফিং করেছেন নেতানিয়াহু। এরপর বেনেট শুরুর দিকে আইজেনকটের নেতৃত্বে ঐক্যের সরকারের পক্ষে মত দিলেও লিবারম্যান এটিকে ‘ফাঁদ’ বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, “পৃথিবী উল্টে গেলেও আমি নেতানিয়াহুর সঙ্গে সরকারে যাব না।”

পর্যবেক্ষকদের ধারণা, বিরোধী জোটের এই মতপার্থক্যই প্রমাণ করে যে নেতানিয়াহুর কৌশল কিছুটা হলেও কাজে দিচ্ছে। শেষ পর্যন্ত আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে দেশটিতে আবারও নতুন নির্বাচন হতে পারে আর সেই নির্বাচনে গত মাসের চেয়ে ভালো ফল করার আশায় রয়েছেন নেতানিয়াহু।

 

ডিজিএন/এফএ

banner
Link copied!