ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

ইয়েমেনে চার মাসে বাস্তুচ্যুত ৩ লাখ ৬০ হাজার মানুষ, বাড়ছে শিশু মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৯:৩৫ এএম

ইয়েমেনে চার মাসে বাস্তুচ্যুত ৩ লাখ ৬০ হাজার মানুষ, বাড়ছে শিশু মৃত্যু

ইয়েমেনে চলমান সংঘাত ও সহিংসতার জেরে চলতি বছরের আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। একই সময়ে দেশটিতে শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিসংখ্যান তুলে ধরে স্টিফেন ডুজারিক জানান, দেশজুড়ে ব্যাপক হারে মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বড় অংশটি আশ্রয় নিয়েছে তাইজ প্রদেশে, যেখানে বর্তমানে প্রায় ১ লাখ ৪৫ হাজার বাস্তুচ্যুত মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের যাচাইকৃত তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, আগস্টের শুরু থেকে এ পর্যন্ত সংঘাতে ৩২৩ জন বেসামরিক মানুষের হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৭৬ জন এবং আহত হয়েছেন ২৪৭ জন।

উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের এই মুখপাত্র জানান, হতাহত ব্যক্তিদের এক-তৃতীয়াংশের বেশি এবং নিহত ব্যক্তিদের অর্ধেকই শিশু। তবে মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সড়কে চলমান বিধিনিষেধের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল এবং তাইজ প্রদেশে বাণিজ্যিক পণ্য সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ডুজারিক বলেন, এর ফলে স্থানীয় বাসিন্দা এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাপন আরও কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখল করে নেওয়ার পর থেকে দেশটিতে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। এর পরের বছর ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ করলে দীর্ঘমেয়াদি যুদ্ধ ও ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়। ২০২২ সালে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গত জুলাই মাস থেকে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হয়েছে।
 

ডিজিএন/এফএ

banner
Link copied!