ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১১:৫৩ এএম

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গাজীপুর সদর উপজেলার বেশ কয়েকটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে এই অবরোধ শুরু হলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকালে শ্রমিকেরা মহাসড়কের ভবানীপুর, বাঘের বাজারের নতুন বাজার এবং ভোগড়া বাইপাস এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই সময়ে সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকাতেও কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ ছাড়া গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ বেলা সোয়া ১০টার দিকেও শ্রমিকেরা মহাসড়কে অবস্থান করছিলেন বলে নিশ্চিত করেন পুলিশ সুপার মো. আমজাদ হোসেন। তিনি জানান, মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল সচল রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা একযোগে কাজ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ডিজিএন/এফএ

banner
Link copied!