ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১২:০২ পিএম

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করল সরকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার প্রেক্ষাপটে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে ঢাকার সব বিদেশি দূতাবাস, জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়।

কূটনীতিকদের উদ্দেশে ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পরে তিনি সাংবাদিকদের জানান, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্বে থাকায় প্রতিমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম কূটনৈতিক ব্রিফিং। তিনি বলেন, এটি নিয়মিত কূটনৈতিক ব্রিফিংয়ের অংশ; যেখানে সরকারের নীতি, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের সর্বশেষ অবস্থান ও দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।

সন্ত্রাসবাদ দমনে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, “আমরা সন্ত্রাসবাদকে যেভাবে মোকাবিলা করছি, সেটাই সঠিক উপায়। বাংলাদেশের মানুষ সন্ত্রাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে আছে এবং সরকারও যাতে কঠোর অবস্থান নেয়, তা তারা চায়। সন্ত্রাসবাদ পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে এখানে সবাই ঐক্যবদ্ধ।”

ব্রিফিংয়ের পর সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশের জনগণ ও বিদেশি অংশীদারদের সঙ্গে উন্মুক্ত সংলাপ ও আলোচনার মাধ্যমে সরকার নিজেদের নীতি এগিয়ে নিতে চায়। সাইবার সুরক্ষা আইনের মতো আগামীতে বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও এ ধরনের মতবিনিময় অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি মূলত সরকারের নীতিগত অগ্রগতি জানানোর ব্রিফিং ছিল, কোনো উদ্বেগ প্রকাশের জন্য নয়।

‘সন্ত্রাসী’ বলতে কাদের বোঝানো হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেন। তিনি অভিযোগ করে বলেন, “এটা তো পরিষ্কার, টেররিস্ট তো আওয়ামী টেররিস্ট। বাংলাদেশের মানুষের ওপর এই সন্ত্রাসবাদ দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। এটি এখন আর কারও কাছে অজানা বা আশ্চর্যের বিষয় নয়।”

পরিস্থিতি মোকাবিলায় সরকার আরও কঠোর হবে কি না জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “আমরা জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত একটি আত্মবিশ্বাসী সরকার। অতীতের মতো এটি কোনো অবৈধ সরকার নয়। জনগণের সঙ্গে আমাদের জোরালো অবস্থান রয়েছে এবং অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গেই আমরা পরিস্থিতি মোকাবিলা করছি।”

আওয়ামী লীগ ‘বিচ্ছিন্ন সন্ত্রাস’ চালাচ্ছে দাবি করে তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে না; বরং এর উল্টো প্রতিক্রিয়া হচ্ছে এবং সন্ত্রাসীরাই এখন আতঙ্কিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান অত্যন্ত দৃঢ় থাকবে জানিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে।

 

ডিজিএন/এফএ

banner
Link copied!