ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

‘বাংলাদেশিরা আমাদের ভাই’: বিশ্বকাপে টাইগারদের না দেখে ব্যথিত সালমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৩৩ এএম

‘বাংলাদেশিরা আমাদের ভাই’: বিশ্বকাপে টাইগারদের না দেখে ব্যথিত সালমান

ভেন্যু জটিলতায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। আইসিসির এমন একপাক্ষিক সিদ্ধান্তের প্রতিবাদে এবং বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের পর্দা ওঠার আগে ‘ক্যাপ্টেনস ডে’তে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার কণ্ঠেও ঝরল বাংলাদেশের প্রতি ভ্রাতৃত্ব ও ভালোবাসার সুর।

বাংলাদেশিদের ‘ভাই’ সম্বোধন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কলম্বোতে আয়োজিত অধিনায়কদের সংবাদ সম্মেলনে সালমান আঘা বলেন, “বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তারা যে নজিরবিহীন সমর্থন দেখিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই টুর্নামেন্টে তারা নেই এটা সত্যিই আমাদের জন্য অনেক বড় কষ্টের ও দুঃখজনক।”

বাংলাদেশিদের সমর্থনের প্রত্যাশা টাইগাররা মাঠে না থাকলেও বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এবারের বিশ্বকাপে পাকিস্তানকে সমর্থন দেবেন বলে আশা প্রকাশ করেন অধিনায়ক সালমান।

তিনি বলেন, “আমি আশা করি তারা (বাংলাদেশিরা) পুরো টুর্নামেন্ট জুড়ে আমাদের সমর্থন করবেন। তাদের অনুপস্থিতি ক্রিকেট বিশ্বের জন্য এক বড় আক্ষেপ।”

ভারত ম্যাচ ও সরকারি সিদ্ধান্ত ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করা প্রসঙ্গে সালমান আঘা স্পষ্ট করেন, “ভারতের বিপক্ষে খেলা আমাদের (খেলোয়াড়দের) নিয়ন্ত্রণে নেই। এটি আমাদের সরকারের সিদ্ধান্ত এবং আমরা সেই সিদ্ধান্তকে সম্মান করি। সরকার যা বলবে, আমরা তাই করব।” তবে টুর্নামেন্টের নক-আউট পর্বে (সেমিফাইনাল বা ফাইনাল) ভারতের মুখোমুখি হতে হলে পাকিস্তান সরকার কী পদক্ষেপ নেবে, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।

প্রেক্ষাপট নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দল ভারতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের দাবি প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এর প্রতিবাদে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা করেন, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে তারা ভারতের বিপক্ষে খেলবেন না।

ডেইলি গ্লোবাল নিউজ

banner
Link copied!