অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর। উদ্বোধনী ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস। এবারের আসরে বাংলাদেশ না থাকায় টুর্নামেন্টটি দেশের ক্রিকেট ভক্তদের কাছে কিছুটা ফিকে মনে হলেও বিশ্বজুড়ে বইছে টানটান উত্তেজনা।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। তবে আকাশ মেঘলা থাকায় বৃষ্টির শঙ্কা রয়েছে। এবারের বিশ্বকাপে পাকিস্তানের জন্য পথটা অনেক বেশি কঠিন। ভারত ম্যাচ বয়কট করায় ‘এ’ গ্রুপে পাকিস্তান শুরুতেই পয়েন্ট হারিয়েছে। ফলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে বাবর-শাহীনদের জন্য প্রতিটি ম্যাচই এখন ‘ডু অর ডাই’।
নেদারল্যান্ডস বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে থাকলেও পাকিস্তানের বিপক্ষে তাদের হেড-টু-হেড পরিসংখ্যান বেশ চমকপ্রদ। দুই দলের চারবারের দেখায় ২টি করে জয় নিয়ে সমান অবস্থানে রয়েছে তারা। পাকিস্তানের ভরসার নাম এখন অলরাউন্ডার সাইম আইয়ুব, অন্যদিকে ডাচদের হয়ে তুরুপের তাস হতে পারেন মাইকেল লেভিট।
উদ্বোধনী দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে: ১. পাকিস্তান বনাম নেদারল্যান্ডস: সকাল ১১:৩০ মিনিট। ২. ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড: দুপুর ৩:৩০ মিনিট। (উল্লেখ্য, বাংলাদেশের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড)। ৩. ভারত বনাম যুক্তরাষ্ট্র: সন্ধ্যা ৭:৩০ মিনিট। ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন ভারত তাদের শিরোপা রক্ষার মিশন শুরু করবে গত আসরের চমক দেখানো দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
পাকিস্তান দলে নেতৃত্বের রদবদল নিয়ে বিতর্ক লেগেই আছে। বাবর আজম ও শাহীন আফ্রিদির পর এখন দলের নেতৃত্বে রয়েছেন সালমান আলী আগা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সালমান বলেন, "মাঠে সেরাটা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দল হিসেবে আমরা জানি কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়।" অন্যদিকে, ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, ঘরের মাঠে খেলার চাপ থাকলেও তারা কোনো দলকেই দুর্বল ভাবছেন না।


আপনার মতামত লিখুন :