টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে তৈরি হওয়া দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে এবার নতুন মোড় নিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে লাহোরে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার বিনিময়ে তিনটি কঠোর শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। বাংলাদেশের এই অবস্থানের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছিল, তারা বিশ্বকাপের বাকি ম্যাচ খেললেও ভারতের বিপক্ষে মাঠে নামবে না। এই সিদ্ধান্তের ফলে আইসিসি কয়েক হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি কর্মকর্তাদের সাথে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনটি দাবি পেশ করেছে।
সূত্রের খবর অনুযায়ী, গতকাল (রোববার) লাহোরে আইসিসি কর্মকর্তাদের সাথে বৈঠকে এই অচলাবস্থা কাটাতে পিসিবি তিনটি দাবি হলো: ১. বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ। ২. টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা। ৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান।
যদিও পিসিবির কিছু কর্মকর্তা ভারতের বিপক্ষে খেলার পক্ষে মত দিয়েছেন, তবে বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এখনও অনড়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাথে বৈঠকে বসবেন তিনি। প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পেলেই কেবল আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ অনুষ্ঠিত হবে।
অন্যথায়, আইসিসিকে বড় ধরনের আইনি ও বাণিজ্যিক ক্ষতির দায়ভার বহন করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে পিসিবি।


আপনার মতামত লিখুন :