টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ‘ডাবল সুপার ওভার’এর সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। আহমেদাবাদে আজ দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি রুদ্ধশ্বাস উত্তেজনার সব সীমা ছাড়িয়ে গেছে। মূল ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপার ওভারও টাই হয়। শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি কক (৫৯) ও রায়ান রিকেলটনের (৬১) ঝড়ো ফিফটিতে ১৮৭ রানের পাহাড় গড়েছিল প্রোটিয়ারা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে রহমানউল্লাহ গুরবাজের বিধ্বংসী ৮২ রানের ইনিংসে জয়ের পথেই ছিল আফগানিস্তান। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। রাবাদার করা নো ও ওয়াইডের নাটকীয়তায় শেষ বলে আফগানরা অলআউট হলে ১৮৭ রানেই থমকে যায় স্কোরবোর্ড। ম্যাচ গড়ায় সুপার ওভারে।
লুঙ্গি এনগিদির ওভারে ১৭ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে ডেওয়াল্ড ব্রেভিস আউট হলেও শেষ বলে ছক্কা হাঁকিয়ে স্কোর সমান করেন ত্রিস্টান স্টাবস। ম্যাচ গড়ায় ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ‘ডাবল সুপার ওভারে’।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে মিলার ও স্টাবস তিন ছক্কায় ২৩ রানের বিশাল সংগ্রহ গড়েন। ২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগান ওপেনার গুরবাজ টানা তিন ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দিলেও শেষ পর্যন্ত ১৯ রানেই থামে তাদের লড়াই। ৪ রানের নাটকীয় জয় পায় দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ১৮৭/৫ (২০ ওভার)
আফগানিস্তান: ১৮৭/১০ (১৯.৪ ওভার)
ফলাফল: দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় সুপার ওভারে ৪ রানে জয়ী


আপনার মতামত লিখুন :