ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

পিসিবির বয়কট ও ‘ইউ-টার্ন’ ছিল শুধুই নাটক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:১৭ পিএম

পিসিবির বয়কট ও ‘ইউ-টার্ন’ ছিল শুধুই নাটক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বয়কট করার হুমকি এবং পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় খেলতে রাজি হওয়া নিয়ে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করেছেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। তাঁর মতে, গত কয়েকদিন পিসিবি ও পাকিস্তান সরকার যা করেছে, তা ছিল স্রেফ ‘সাজানো নাটক’।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলেন, “এটি ছিল পাকিস্তানের সাজানো নাটক, যা তারা সবসময় করে থাকে। প্রথমে তারা বাংলাদেশকে সমর্থনের ঘোষণা দিল, তারপর স্বার্থের টান পড়তেই তাদেরকে একপাশে সরিয়ে রাখল। আসলে তারা বুঝতে পেরেছে ভারতের বিপক্ষে না খেললে আর্থিক ও পেশাদার দিক থেকে কতটা বড় ক্ষতির মুখে পড়বে। এ ধরনের আচরণ পাকিস্তানের কাছে সবসময়ই প্রত্যাশিত।”

নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পর পিসিবি আইসিসির বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ তুলে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও এই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিলেন। এতে করে ভারত-পাকিস্তান দ্বৈরথ ঘিরে বড় ধরনের সংকটের সৃষ্টি হয়, যা আইসিসির প্রায় ৬ হাজার কোটি টাকার ক্ষতির কারণ হতে পারত।

তবে গত সোমবার (৯ ফেব্রুয়ারি) দীর্ঘ নাটকীয়তার পর পাকিস্তান সরকার তাদের জাতীয় দলকে ভারতের বিপক্ষে খেলার সবুজ সংকেত দেয়। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও আইসিসির কর্মকর্তাদের সাথে বৈঠকের পর পিসিবি প্রধান মহসিন নাকভি প্রধানমন্ত্রীর কাছে পরিস্থিতি ব্যাখ্যা করলে বয়কটের সিদ্ধান্ত তুলে নেওয়া হয়। এর ফলে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটল।

ডিজিএন/এফএ

banner
Link copied!