নিরাপত্তা শঙ্কায় চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলেও পরবর্তী আসরে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে র্যাঙ্কিং বিবেচনায় সরাসরি খেলবে টাইগাররা।
আইসিসির কোয়ালিফিকেশন নীতিমালা অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের সুপার এইট পর্বে ওঠা ৮টি দলের সঙ্গে স্বাগতিক দেশগুলো সরাসরি ২০২৮ আসরে খেলার সুযোগ পায়। এবারের আসরে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে এই ৮ দল সুপার এইট নিশ্চিত করে আগামী বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে।
২০২৮ আসরের দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যেহেতু নিউজিল্যান্ড এবারের আসরে সুপার এইটে উঠেছে, তাই তাদের কোটাটি র্যাঙ্কিং থেকে পূরণ করা হচ্ছে। ফলে সুপার এইটে না থাকা দলগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা তিনটি দল সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।
আইসিসির ঘোষণা অনুযায়ী সরাসরি সুযোগ পাওয়া ১২ দল: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, স্বাগতিক (২০২৮)| অস্ট্রেলিয়া (নিউজিল্যান্ড আগেই সুপার এইটে কোয়ালিফাইড)| র্যাঙ্কিং (কাট-অফ ৯ মার্চ)| বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড|
আইসিসি জানিয়েছে, সরাসরি কোয়ালিফিকেশনের জন্য আগামী ৯ মার্চ পর্যন্ত র্যাঙ্কিং বিবেচনা করা হবে। এই সময়ের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই। ফলে বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী নবম স্থানে থাকা বাংলাদেশ, দশম স্থানে থাকা আফগানিস্তান এবং দ্বাদশ স্থানে থাকা আয়ারল্যান্ডের অবস্থান পরিবর্তনের কোনো গাণিতিক সম্ভাবনা নেই।


আপনার মতামত লিখুন :