সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন স্থানে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। আজ রোববার ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
আফগান সূত্র আলজাজিরাকে জানিয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনী মূলত দুটি প্রদেশ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এর মধ্যে পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়েছে। অপর হামলাটি চালানো হয়েছে নানগারহার প্রদেশে। তবে এই হামলার বিষয়ে আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও এর সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও ক্যাম্পে এই অভিযান চালানো হয়েছে। এছাড়া ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পে হামলার দাবিও করেছে তারা।
পাক মন্ত্রণালয়ের দাবি, ইসলামাবাদে মসজিদে আত্মঘাতী হামলাসহ সাম্প্রতিক কয়েকটি নাশকতামূলক কর্মকাণ্ড আফগানিস্তানে অবস্থানরত সশস্ত্র নেতাদের নির্দেশনায় পরিচালিত হয়েছে।
রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যে: ৬ ফেব্রুয়ারি- ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হন। গত সোমবার- বাজাউরে নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হয়। পাকিস্তান দাবি করে, হামলাকারী একজন আফগান নাগরিক।
গতকাল শনিবার রাত, খাইবার পাখতুনখাওয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেনেন্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। বান্নুতে এই হামলার কয়েক ঘণ্টার ব্যবধানেই আফগানিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিল পাকিস্তান।


আপনার মতামত লিখুন :