ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

খেলার মাঠে আছড়ে পড়ল রকেট: ইরানে ২০ ভলিবল খেলোয়াড় নিহত

আন্তর্জাতি ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ১০:১৪ এএম

খেলার মাঠে আছড়ে পড়ল রকেট: ইরানে ২০ ভলিবল খেলোয়াড় নিহত

মধ্যপ্রাচ্যের চলমান বিধ্বংসী যুদ্ধের আঁচ এবার লাগল খেলার মাঠে। ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের লামের্দ শহরে একটি স্পোর্টস হলে রকেট হামলায় অন্তত ২০ জন ভলিবল খেলোয়াড় প্রাণ হারিয়েছেন। সংবাদমাধ্যম এসএনএন টেলিভিশন ও মডার্ন ডট এজেড স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ফার্স প্রদেশের বিভিন্ন এলাকায় মোট চারটি রকেট আঘাত হানে। এর মধ্যে একটি রকেট সরাসরি লামের্দ শহরের স্পোর্টস হলটিতে আঘাত হানে। হামলার সময় সেখানে একদল ভলিবল খেলোয়াড় তাদের নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ চালাচ্ছিলেন। রকেটের প্রচণ্ড বিস্ফোরণে পুরো হলটি বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই ২০ জন খেলোয়াড় নিহত হন।

এই হামলায় অন্তত ১০০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অনেকেরই শরীরের অধিকাংশ পুড়ে গেছে বা হাড় ভেঙে গেছে। বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো পক্ষ এই সুনির্দিষ্ট হামলার দায় স্বীকার করেনি। তবে গত শনিবার থেকে ইরানে যে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তার সূত্র ধরেই এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের পক্ষ থেকেও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলার উৎস ও প্রকৃত দায়ীদের শনাক্ত করতে তারা তদন্ত শুরু করেছে। খেলার মাঠে এমন নৃশংস হামলাকে ইরানের ক্রীড়া প্রেমীরা ‘ক্রীড়া বিশ্বের কালো দিন’ হিসেবে অভিহিত করছেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!