অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষ সময়ে এসে বড় সুখবর পাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। নতুন করে আরও ১ হাজার ৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে যাচ্ছে। আগামী সপ্তাহেই সরকার এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নতুন এই এমপিওভুক্তির জন্য বার্ষিক প্রায় ৬৭০ কোটি টাকা বাড়তি বরাদ্দের প্রয়োজন হবে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। চলতি অর্থবছরের বাকি সময়ের জন্য ১৬৭ কোটি টাকা প্রয়োজন হবে, যা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা ৩০০ কোটি টাকা থেকেই মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রতিষ্ঠানগুলোর ধরন: যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে নির্বাচিত ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়: ৪৭১টি। মাধ্যমিক বিদ্যালয়: ৬২৩টি। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ১০৫টি। উচ্চ মাধ্যমিক কলেজ: ১৪৫টি। মাদরাসা: দাখিল ৭৮টি, আলিম ২০২টি এবং ফাজিল ৩৫টি।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই বেসরকারি শিক্ষকরা এমপিওভুক্তির দাবিতে রাজপথে সরব ছিলেন। সরকারের পক্ষ থেকে শুরুতে ব্যয় সংকোচনের কথা বলা হলেও, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে নীতিমালা শিথিল করা হয়। গত মাসে অনলাইনে আবেদন আহ্বান করা হলে মোট ৩ হাজার ৬১৫টি প্রতিষ্ঠানের আবেদন জমা পড়েছিল, যার মধ্যে মানদণ্ড অনুযায়ী ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :