দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ১ হাজার ৭১৯টি স্কুল ও কলেজকে এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়নের পর যোগ্য বিবেচিত ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানের এমপিওভুক্তির জন্য অর্থ বিভাগের সম্মতি চেয়ে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। নীতিমালায় নির্ধারিত মাপকাঠি, গ্রেডিং এবং আঞ্চলিক সাম্যের ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত হলেও চূড়ান্ত তালিকার আগে আবেদনের তথ্যগুলো ভূমি মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, সংশ্লিষ্ট বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজের মাধ্যমে কঠোরভাবে যাচাই করা হবে। প্রয়োজনে সরেজমিনে তদন্ত করার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
এমপিওভুক্তির পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে: এতে কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনৈতিক সুযোগের চেষ্টা করলে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে (+৮৮০১৩৩৯-৭৭৪৫২৮) তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।
‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে নিম্নমাধ্যমিকের ৮৫৯টি, মাধ্যমিকের ১ হাজার ১৭০টি এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের ১৫৮৬টি আবেদন ছিল। যাচাই-বাছাই শেষে অর্ধেকেরও কম প্রতিষ্ঠান প্রথম পর্যায়ের তালিকায় জায়গা পেল।


আপনার মতামত লিখুন :