দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানীর শীর্ষ সাতটি সরকারি কলেজকে নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করেছে। এর মাধ্যমেই বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক ও আইনি কার্যক্রম শুরু হলো।
নতুন এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে একাডেমিকভাবে সংযুক্ত থাকবে: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি সরকারি বাঙলা কলেজ (মিরপুর)G
এই বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম, পরীক্ষা পরিচালনা, গবেষণা ও সনদ প্রদানের দায়িত্ব পালন করবে। কলেজগুলো একাডেমিকভাবে এর সাথে যুক্ত থাকলেও নিজেদের স্বকীয়তা ও প্রশাসনিক কাঠামো বজায় রাখবে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান হবেন উপাচার্য। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হবে।
আপাতত ভাড়া করা ভবন বা নির্দিষ্ট জায়গায় কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে একটি স্বয়ংসম্পূর্ণ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেশনজট ও ফল প্রকাশে বিলম্ব। নতুন এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হলো এসব সমস্যা সমাধান করে দ্রুত শিক্ষা কার্যক্রম সচল করা।
২০১৭ সালে এই সাতটি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন। গত বছর অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নিয়ে অধ্যাদেশের খসড়া তৈরি করে এবং আজ তা চূড়ান্তভাবে গেজেট আকারে প্রকাশিত হলো।


আপনার মতামত লিখুন :