ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

উপাচার্যের দায়িত্ব ছাড়তে চান অধ্যাপক নিয়াজ আহমেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:৫৫ পিএম

উপাচার্যের দায়িত্ব ছাড়তে চান অধ্যাপক নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক নিয়াজ আহমেদ খান তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইচ্ছার কথা জানান।

উপাচার্যের প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি পুনরায় নিয়মিত শিক্ষকতায় ফিরতে চান বলে উল্লেখ করেছেন।

অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, “বিশেষ এক পরিস্থিতিতে আমি এই দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেটি ছিল অত্যন্ত আপদকালীন সময়। বর্তমানে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে।”

তিনি আরও যোগ করেন, সামনে নির্বাচনের পর নতুন রাজনৈতিক সরকার আসবে এবং তারা নিজেদের মতো করে প্রশাসন সাজাবে, এটাই স্বাভাবিক।

পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনে যেন কোনো প্রশাসনিক শূন্যতা বা বিশৃঙ্খলা তৈরি না হয়, সে বিষয়ে সচেতন উপাচার্য। তিনি বলেন, “আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইলেও ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। যদি সরকার বা সংশ্লিষ্ট অংশীজনরা মনে করেন যে এই মুহূর্তে আমাকে আরও কিছু সময় থাকা প্রয়োজন, তবে আমি বিষয়টি বিবেচনা করব।”

দায়িত্ব পালনকালে অনেক সীমাবদ্ধতা থাকলেও বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট বিপ্লব পরবর্তী বিশেষ পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন এই প্রথিতযশা শিক্ষাবিদ।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নির্বাচনের ঠিক দুই দিন আগে উপাচার্যের এই ঘোষণা উচ্চশিক্ষা অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!