পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের এই নির্দেশনার ফলে আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকেই সারাদেশের স্কুলগুলোতে রমজানের ছুটি শুরু হতে যাচ্ছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় রমজানের প্রথম ১৫ দিন স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং পুরো রমজান মাস ছুটি ঘোষণার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল একটি রিট দায়ের করেন। তাঁর যুক্তিতে বলা হয়, ৯৮ শতাংশ মুসলিম প্রধান দেশে রমজানে স্কুল খোলা রাখা কোমলমতি শিশুদের ধর্মীয় আচার পালনে অন্তরায় এবং এটি তীব্র যানজটেরও কারণ হয়ে দাঁড়ায়।
শুনানি শেষে আদালত রিট আবেদনকারীর পক্ষের যুক্তি আমলে নিয়ে পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। আদালত বলেন, শিশুদের রোজা রাখার অভ্যাস গড়ে তুলতে এবং ত্যাগের এই মাসে তাদের শারীরিক ক্লান্তি লাঘবে ছুটি কার্যকর করা প্রয়োজন। শিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই আদেশ অবিলম্বে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের আগের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল ৮ মার্চ পর্যন্ত খোলা থাকার কথা ছিল। তবে হাইকোর্টের নতুন আদেশের ফলে শিক্ষার্থীরা বাড়তি ২০ দিন ছুটির সুযোগ পাচ্ছে। ২৯ মার্চ পর্যন্ত এই ছুটি স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সন্তোষ লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :