চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের তারিখ ও ফি নির্ধারণ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। তবে এবারের ফরম পূরণে পরীক্ষার্থীদের বাড়তি ফি গুনতে হবে। গত বছরের তুলনায় তিন বিভাগেই ফি বেড়েছে ২১০ টাকা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এইচএসসি পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ৯ মার্চ পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে ১০ মার্চ পর্যন্ত। যারা নির্ধারিত সময়ে আবেদন করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পাবেন।
এবারের বিজ্ঞপ্তিতে বিভাগ অনুযায়ী ফি’র তালিকা দেওয়া হয়েছে: বিজ্ঞান শাখা- মোট ২ হাজার ৯৯৫ টাকা (গত বছর ছিল ২,৭৮৫ টাকা)। মানবিক শাখা- মোট ২ হাজার ৪৩৫ টাকা (গত বছর ছিল ২,২২৫ টাকা)। ব্যবসায় শিক্ষা শাখা- মোট ২ হাজার ৪৩৫ টাকা (গত বছর ছিল ২,২২৫ টাকা)।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে:
১. টিউশন ফি: কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেশি টিউশন ফি আদায় করতে পারবে না।
২. মডেল টেস্ট: নিজস্ব ব্যবস্থাপনায় মডেল টেস্ট নেওয়া গেলেও তা শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা যাবে না এবং এর জন্য অতিরিক্ত ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. তালিক প্রকাশ: আগামী ২৮ ফেব্রুয়ারি সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলোকে এই তালিকা থেকে সঠিক পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।
ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পন্ন করতে হবে।


আপনার মতামত লিখুন :