এক যুগ পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই গ্রেডে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
শিক্ষার্থীরা রোল নম্বর ও সাল ব্যবহার করে খুব সহজেই ফল জানতে পারবে: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের ‘Scholarship Result’ অপশনে গিয়ে রোল ও ২০২৬ লিখে ফল দেখা যাবে।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর), স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
এ বছর সারা দেশে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া এ পরীক্ষা রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছুটা বিলম্বিত হলেও ৬ জানুয়ারি শেষ হয়। ঢাকা বোর্ডে অংশগ্রহণের হার ছিল ৯১.২ শতাংশ। রাজশাহী, কুমিল্লা ও দিনাজপুরেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। সবচেয়ে কম পরীক্ষার্থী ছিল বরিশাল বোর্ডে (২০ হাজার ৬২৯ জন)।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে এবং বোর্ডভিত্তিক আনুপাতিক হারে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে এই বৃত্তি প্রদান করা হয়েছে।
ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :