ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির পরিদর্শন: নিজ হাতে পরিষ্কার করলেন আবর্জনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০২:১১ পিএম

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির পরিদর্শন: নিজ হাতে পরিষ্কার করলেন আবর্জনা

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তিনি হাসপাতালের চিকিৎসা সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা নিজ হাতে পরিষ্কার করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন এই জনপ্রতিনিধি।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি রুহুল আমিন জানান, নানা প্রতিকূলতার কারণে এই হাসপাতালের অপারেশন কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তিনি ঘোষণা দেন, আগামী ৬ মাসের মধ্যে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত অপারেশন থিয়েটার (ওটি) সচল করা হবে।

তিনি বলেন, “জীবননগরের জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে যা যা প্রয়োজন, তার সবকিছুই করা হবে। এই হাসপাতালটি দীর্ঘদিন অবহেলিত ছিল; আমি স্থানীয়দের অভিযোগ শুনেছি এবং প্রতিটি সমস্যা সমাধানে কাজ করব।”

এ সময় হাসপাতালের ভারপ্রাপ্ত টিএইচও ও সার্জারি কনসালটেন্ট ডা. শ্যামল কুমার পাল এবং আরএমও ডা. মোস্তাফিজুর রহমানসহ কর্মরত চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল, জেলা পেশাজীবী সংগঠনের সভাপতি খলিলুর রহমান, থানা আমির মাওলানা সাজিদুর রহমানসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

এমপি রুহুল আমিন আরও বলেন, সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী ও মানসম্মত সেবা পায়, সেই লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানো হবে। কোনো ধরণের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!