ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Daily Global News

‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, মুগদা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৭:৩৭ পিএম

‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, মুগদা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

স্বাস্থ্যসেবায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালটির ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। এ সময় কড়া সতর্কবার্তা দিয়ে মন্ত্রী বলেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’

পরিদর্শনের সময় বেশ কিছু অনিয়ম স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীরা অভিযোগ করেন, প্রয়োজনে চিকিৎসকদের পাওয়া যায় না।

এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত নার্সদেরও সহযোগিতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে। রোগীদের এসব অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেন, হাসপাতালে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।

এদিন হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহের তথ্যও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।

এ ছাড়া আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হতে যাচ্ছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রী।

ডিজিএন/এনএস

banner
Link copied!