ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Daily Global News

হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৫:৪৭ পিএম

হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১৬

দেশে ‘সন্দেহজনক হামে’ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭টি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮১ জনের শরীরে সন্দেহজনক হামের লক্ষণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৮১৬ জনের প্রাণহানি ঘটেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই প্রতিবেদনে ১৬ আগস্ট সকাল ৮টা থেকে ১৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের হাম রোগ নিশ্চিত হওয়া গেছে।

এর ফলে গত ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩০ জনে।

তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি; মারা যাওয়া ৭টি শিশুকেই ‘সন্দেহজনক হামে’ আক্রান্ত হিসেবে উল্লেখ করেছে স্বাস্থ্য বিভাগ।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জন।

এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন রোগী। দেশে শিশুদের মাঝে হামের এমন বিস্তারে জনমনে নতুন করে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!