ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Daily Global News

দেশে হামে শিশুমৃত্যু হাজার ছাড়াল, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৯:৩২ পিএম

দেশে হামে শিশুমৃত্যু হাজার ছাড়াল, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি

দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন শিশুর মৃত্যুতে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। অন্যদিকে, একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে ৯০২ জন এবং নিশ্চিত হামে ১০০ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তারা সবাই হামের উপসর্গে ভুগছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে ১ হাজার ১১৯ জন এবং নিশ্চিত হামে ৬৯ জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৪৮৪ জন।

অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৩৩ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৬ হাজার ৯৩৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ২৫৫ জন রয়েছেন।

এ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৪১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৯২, রংপুর বিভাগে ১৭৪, চট্টগ্রাম বিভাগে ১৬৯, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৯, বরিশাল বিভাগে ১৬৫, ময়মনসিংহ বিভাগে ৮৮ এবং সিলেট বিভাগে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!