ঢাকা রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
Daily Global News

ট্রাম্প ‘নতুন জাতিসংঘ’ গঠনের পথে হাঁটছেন—কড়া অভিযোগ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৩০ এএম

ট্রাম্প ‘নতুন জাতিসংঘ’ গঠনের পথে হাঁটছেন—কড়া অভিযোগ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও ‘লুলা’ দা সিলভা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক ব্যবস্থাকে পাশ কাটিয়ে কার্যত একটি নিজস্ব বৈশ্বিক কাঠামো দাঁড় করাতে চাইছেন, যা জাতিসংঘের বিকল্প হিসেবে হাজির হতে পারে।

শুক্রবার দেওয়া এক বক্তব্যে লুলা বলেন, জাতিসংঘকে সংস্কারের উদ্যোগ নেওয়ার বদলে ট্রাম্প এমন একটি নতুন ব্যবস্থা গড়ার দিকে এগোচ্ছেন, যেখানে সিদ্ধান্তের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে তার হাতেই।
তার ভাষায়, “জাতিসংঘকে শক্তিশালী করার কথা বলা হলেও বাস্তবে দেখা যাচ্ছে—একটি নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা চলছে, যেখানে মালিকানা থাকবে একজনের।”

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রান্দে দো সুলে দেওয়া ওই বক্তব্যে লুলা আরও বলেন, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই বৈশ্বিক রাজনীতি পরিচালনা করতে আগ্রহী।
তিনি মন্তব্য করেন, “প্রতিদিন তিনি কিছু বলেন, আর বিশ্ব প্রতিদিনই ব্যস্ত থাকে সেই কথার প্রতিক্রিয়া নিয়ে।”

লুলা বহুপাক্ষিক ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান বৈশ্বিক রাজনীতিতে শক্তির রাজত্ব কায়েমের প্রবণতা বাড়ছে, যা তিনি ‘জঙ্গলের আইনের’ সঙ্গে তুলনা করেন। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি হিসেবে বিবেচিত জাতিসংঘ সনদ আজ গুরুতর চ্যালেঞ্জের মুখে।

এই বক্তব্যের একদিন আগেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন লুলা। ওই আলোচনায় শি জিনপিং আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের নেতৃত্বমূলক ভূমিকা অক্ষুণ্ন রাখার ওপর জোর দেন।

এদিকে যুক্তরাষ্ট্র যখন একের পর এক জাতিসংঘ-সম্পর্কিত সংস্থা থেকে নিজেদের সম্পৃক্ততা কমিয়ে আনছে, ঠিক তখনই ট্রাম্প নতুন উদ্যোগ ‘বোর্ড অব পিস’ চালু করেছেন। শুল্ক আরোপ, বাণিজ্যিক চাপ এবং সামরিক হুঁশিয়ারির মাধ্যমে তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতির বাস্তবায়ন আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্ররাও ওয়াশিংটনের ওপর আস্থার প্রশ্ন তুলছে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন চলাকালে সুইজারল্যান্ডের ডাভোসে আনুষ্ঠানিকভাবে ‘বোর্ড অব পিস’-এর ঘোষণা দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার বাইরে একটি নতুন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

এই বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। গাজায় চলমান সংঘাতে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার বিপুলসংখ্যক কর্মী নিহত হওয়ার ঘটনাও আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

শুরুতে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, গাজা পুনর্গঠনের তদারকির লক্ষ্যেই ‘বোর্ড অব পিস’ গঠন করা হচ্ছে। তবে প্রকাশিত খসড়া নীতিমালায় গাজার প্রসঙ্গ না থাকায় এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে অর্থসংকটে ভুগছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সহায়তা ও মানবাধিকার কার্যক্রমে তহবিল ঘাটতির কথা ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। নিয়মিত বাজেটে যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের অবদান থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে সেই অর্থ পরিশোধে ঘাটতি তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘের বাইরে নতুন কাঠামো গঠনের প্রবণতা বৈশ্বিক কূটনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ডিজিএন

banner
Link copied!