গোপালগঞ্জসহ ঢাকা রেঞ্জের ১৩টি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করতে ১২ জন পুলিশ কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। আগামী দুই মাসের জন্য সংযুক্ত হওয়া এই কর্মকর্তাদের মধ্যে আটজন অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) এবং চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার। তাঁদের সবাইকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটির একটিতে আটজন এবং অন্যটিতে চারজন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, আজ সোমবারের (২৩ নভেম্বর) মধ্যেই তাঁদের নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি এবং প্রয়োজনে মাঠপর্যায়ের কার্যক্রম আরও বেগবান করতেই এই সংযুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংযুক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন। এ ছাড়া পুলিশ সদর দপ্তর, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), গাজীপুর জেলা পুলিশ এবং সাইবার পুলিশ ইউনিটে কর্মরত কর্মকর্তাদেরও এই তালিকায় রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগে একই দিনে পুলিশ সদর দপ্তরের আরেকটি প্রজ্ঞাপনে পরিদর্শক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়। ওই তালিকায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামসহ অতীতে নানা কারণে বিতর্কের মুখে পড়া আরও দুই কর্মকর্তা রয়েছেন।
ঢাকা রেঞ্জের আওতাভুক্ত ১৩টি জেলা হলো- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। তবে সংযুক্ত হওয়া এই ১২ কর্মকর্তাকে সুনির্দিষ্টভাবে কোন কোন জেলার দায়িত্ব দেওয়া হবে বা হঠাৎ এই পদক্ষেপের পেছনে বিশেষ কোনো কারণ আছে কি না, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র বলছে, সাম্প্রতিক দুটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নিয়েই ঢাকা রেঞ্জে এই অতিরিক্ত জনবল ও তদারকি বাড়ানো হয়েছে।
প্রথমত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। এর মধ্যে গোপালগঞ্জ ও ফরিদপুরসহ ঢাকা রেঞ্জের জেলাগুলো সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। সম্প্রতি গোপালগঞ্জে দুটি থানা এবং বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার পরপরই গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিন থানার ওসিকে বদলি করা হয়।
দ্বিতীয়ত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে তীব্র শ্রমিক অসন্তোষ চলছে। ঢাকার সাভার ও আশুলিয়ার হেমায়েতপুর, খেজুরবাগান, জামগড়া, জিরাবো, নরসিংহপুর ও ফুলবাড়িয়ায় শ্রমিকেরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।
একইভাবে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈরের মৌচাক ও সফিপুর, গাছা, ভোগড়া বাইপাস, ছয়দানা এবং শ্রীপুরের বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও কারখানা বন্ধের মতো পরিস্থিতিতে পুলিশ ও বিজিবি মোতায়েন করতে হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, চলমান এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা এবং পুরো রেঞ্জের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখতেই নতুন এই ১২ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :