ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলি, আহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১২:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলি, আহত ৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে একটি কনসার্টে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২২ নভেম্বর) স্থানীয় শেরিফ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

শেরিফ বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুলারে কাউন্টির পাহাড়ি এলাকা স্ট্র্যাথমোরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রায় তিন হাজার বাসিন্দার এই শহরে আয়োজিত কনসার্টটিতে পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলো থেকে আসা শিল্পীরা অংশ নিয়েছিলেন। হামলার সময় কনসার্টে প্রায় ১৫০ জন দর্শক উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, অনুষ্ঠান চলাকালে অজ্ঞাত সংখ্যক সন্দেহভাজন ব্যক্তি হঠাৎ ভিড়ের মধ্যে গুলি চালায়। এতে ৯ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুলি লেগেছে। তার অস্ত্রোপচার করা হলেও অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুজন ভুক্তভোগীর অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে এবং বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, এই হামলার পেছনে কোনো গ্যাং বা অপরাধী চক্রের সম্পৃক্ততা থাকতে পারে। যদিও তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনার পর বর্তমানে ওই এলাকায় জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছে শেরিফ বিভাগ।

ডিজিএন/এফএ

banner
Link copied!