ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

সরকারি ভবনের ছাদে বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎ: অন্তত ১০ শতাংশ মিলবে বিনা মূল্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৮:৫৭ এএম

সরকারি ভবনের ছাদে বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎ: অন্তত ১০ শতাংশ মিলবে বিনা মূল্যে

সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের অব্যবহৃত ছাদে বেসরকারি বিনিয়োগে সৌরবিদ্যুৎ উৎপাদনের পথ খুলে দিয়েছে সরকার। এ লক্ষ্যে গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারির পর ১ নভেম্বর উদ্যোক্তা নির্বাচন, বিদ্যুৎ বিক্রি, মূল্য নির্ধারণ ও চুক্তির শর্ত চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন এই ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানকে নিজস্ব অর্থ বিনিয়োগ করতে হবে না; বরং ছাদ ব্যবহারের বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনা মূল্যে পাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। প্রকল্পটি বাস্তবায়নে সারা দেশে প্রাথমিকভাবে ৮ হাজার ২৩৬টি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) মডেলে বেসরকারি উদ্যোক্তা সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ ব্যয় বহন করবেন। চুক্তির মেয়াদ হবে ১৫ বছর এবং মেয়াদ শেষে কেন্দ্রটি বিনা মূল্যে ছাদমালিকের কাছে হস্তান্তর করতে হবে। তবে উভয় পক্ষের সম্মতিতে চুক্তি নবায়ন করা যাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিনা মূল্যের ১০ শতাংশের বাইরে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করলে প্রচলিত খুচরা মূল্যের তুলনায় ২০ শতাংশ ছাড় পাবে। সে হিসাবে সাধারণ সরকারি দপ্তরের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম পড়বে প্রায় ১১ টাকা ৬ পয়সা এবং বড় সরকারি কমপ্লেক্সের ক্ষেত্রে প্রায় ১০ টাকা ৩ পয়সা। তবে শিক্ষা, ধর্মীয়, দাতব্য প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য প্রতি ইউনিট ৮ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উদ্যোক্তা নির্বাচনে কারিগরি ও আর্থিক সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি যে প্রতিষ্ঠান উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ অংশ বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করবে, তাকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সরকারি ক্রয়প্রক্রিয়ার কিছু বিধান শিথিল করে ই-জিপি ব্যবহারের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে এবং মূলধনি ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স) মডেলে সীমিত দরপত্রের সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকারের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সালের মধ্যে ৫ হাজার ৫০০ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা গড়ে তোলা। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যোগ্য প্রকল্পগুলো ছাদমালিকের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে গ্রিডে সরবরাহ করতে পারবে। এ ক্ষেত্রে বিতরণ সংস্থা ১০ শতাংশ কর্তন করে বাকি ৯০ শতাংশ বিদ্যুতের বিপরীতে ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে তিন মাস পরপর বিল পরিশোধ করবে।

তবে বিপুলসংখ্যক প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন খাতসংশ্লিষ্টরা। তাঁদের হিসাব অনুযায়ী, ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রায় ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন, অথচ সরকারের ঘোষিত প্রাথমিক তহবিল মাত্র ১ হাজার ৫০০ কোটি টাকা। পাশাপাশি উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা, ভবনের কাঠামোগত সক্ষমতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ক্রয়বিধি শিথিল করায় উদ্যোক্তা নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই এই উদ্যোগের সাফল্যের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিজিএন/এফএ

banner
Link copied!