ঢাকা সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১০:০৭ এএম

শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

রাজধানীর অপরাধ জগতের এক সময়ের আলোচিত ও তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’-কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) গভীর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে বিমানবন্দর দিয়ে যাতায়াতের সময় ইমিগ্রেশন পুলিশের নজরদারিতে পড়েন শেখ আসলাম। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়। ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে পুলিশের কোন ইউনিটে হস্তান্তর করা হচ্ছে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

নব্বইয়ের দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে মূর্তিমান আতঙ্ক হিসেবে পরিচিত ছিলেন শেখ আসলাম। দীর্ঘ সময় সুইডেনে অবস্থান করার কারণে অপরাধ জগতে ও সাধারণ মানুষের কাছে তিনি ‘সুইডেন আসলাম’ নামে ব্যাপক পরিচিতি পান।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল। তার বিরুদ্ধে ১৯৯৭ সালে রাজধানীর গ্রিন রোডে যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডসহ একাধিক হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির মামলা ছিল।

১৯৯৭ সালের মে মাসে গ্রেপ্তার হওয়ার পর থেকে টানা প্রায় ২৭ বছর দেশের বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন তিনি। সবশেষ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পান এক সময়ের এই শীর্ষ সন্ত্রাসী। কারামুক্তির পর দীর্ঘ সময় আড়ালে থাকলেও রোববার গভীর রাতে বিমানবন্দর থেকে আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেন তিনি।
 

ডিজিএন/এফএ

banner
Link copied!