ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Daily Global News

এআই নির্ভরতা কমাতে মার্কিন শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন

ডিজিএন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬, ০১:২৫ পিএম

এআই নির্ভরতা কমাতে মার্কিন শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন

শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবটের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছেন যুক্তরাষ্ট্রের শিক্ষকরা। বাড়িভিত্তিক অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক কমিয়ে এখন ক্লাসে খাতা-কলমে লেখা, মৌখিক পরীক্ষা এবং হাতে-কলমে সৃজনশীল অনুশীলনের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। জেনারেটিভ এআইয়ের ব্যাপক বিস্তারের মুখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকরা শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশের স্বার্থে প্রযুক্তি থেকে দূরে সরে পুরোনো শিক্ষাপদ্ধতিতে ফিরে যাচ্ছেন।

প্রযুক্তি ও এআইয়ের মূল কেন্দ্রবিন্দু সান ফ্রান্সিসকোর এক স্কুলের ষষ্ঠ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষিকা ট্রিস্টেন চ্যাং বাড়িতে বসে রচনা বা অনুচ্ছেদ লেখার প্রথা সম্পূর্ণ বাতিল করে মৌখিক পরীক্ষা চালু করেছেন। চরিত্র, পটভূমি ও মূলভাব নিয়ে তিনি শিক্ষার্থীদের ১৫টি প্রশ্ন করেন, যার উত্তর দিতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে। একই শহরের জুনিয়র হাইস্কুলের ইংরেজি শিক্ষক রাসটি শেব মনে করেন, অভিভাবক বা শিক্ষকের চাপে পড়লেই শিক্ষার্থীরা বাড়িতে বসে এআইয়ের শরণাপন্ন হয়।

এই প্রবণতা ঠেকাতে তিনি সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের একটি রচনা লেখার জন্য ক্লাসেই পুরো এক মাস সময় দিচ্ছেন। নিউইয়র্কের হাইস্কুলের গণিত শিক্ষক ববসন ওয়াংও এখন বাড়ির কাজ কমিয়ে ক্লাসে অনুশীলনের সুযোগ বাড়িয়েছেন, যাতে শিক্ষার্থীরা নিজস্ব পদ্ধতিতে কীভাবে অঙ্ক কষছে, তা তিনি সরাসরি দেখতে পারেন।

এআই দিয়ে ফাঁকি দেওয়ার প্রবণতা ঠেকাতে অনেক শিক্ষক অভিনব ও কড়া কৌশল নিচ্ছেন। নিউইয়র্ক শহরতলির হাইস্কুলের ইংরেজি শিক্ষিকা মেগান হাইল্যান্ড লক্ষ্য করেন, ক্লাসে ফোন নিষিদ্ধ থাকায় শিক্ষার্থীরা এআই ব্যবহার করতে বাথরুমে যাচ্ছে। এরপর থেকে তিনি বাথরুমে যাওয়ার সময় ফোন জমা রাখার নিয়ম চালু করেছেন। ব্রঙ্কসের ইংরেজি শিক্ষক পিয়ান রকফেল্ড এআইকে টেক্কা দিতে গতানুগতিক বা সহজে অনুমানযোগ্য প্রশ্ন করা বন্ধ করে দিয়েছেন। তিনি এমন সব বিষয়ের ওপর প্রবন্ধ লিখতে দেন, যার জন্য শিক্ষার্থীদের পে-ওয়াল বা অর্থ দিয়ে পড়ার মতো গবেষণাপত্র পড়তে হয়, যে তথ্যগুলোতে এআই চ্যাটবট সহজে পৌঁছাতে পারে না।

ল্যাপটপ বা ডিজিটাল স্ক্রিনের ব্যবহার কমিয়ে খাতা-কলমে ফেরার প্রবণতাও ব্যাপকভাবে বাড়ছে। শিকাগো শহরতলির হাইস্কুল শিক্ষক রেক্স ওভাল শিক্ষাবর্ষের প্রায় ৯০ শতাংশ দিনই ক্রোমবুক বা ল্যাপটপের ব্যবহার পুরোপুরি বন্ধ রাখেন। শিক্ষার্থীদের তিনি খাতা-কলমে লিখতে বাধ্য করেন। তাঁর মতে, ল্যাপটপ দূরে সরিয়ে রাখায় শিক্ষার্থীদের ফাঁকি দেওয়ার সুযোগ কমেছে এবং মনোযোগ অনেক বেড়েছে। অন্যদিকে, পাঠ মূল্যায়নে সৃজনশীলতা আনতে শিক্ষিকা মেগান হাইল্যান্ড ‘এ টেল অফ টু সিটিজ’ উপন্যাসের ওপর ভিত্তি করে রান্নার প্রদর্শনীর মতো সরাসরি উপস্থিত থেকে করার মতো কাজ দিচ্ছেন, যাতে শিক্ষার্থীরা বাস্তব সময়ে তাদের সৃজনশীল চিন্তা উপস্থাপন করতে পারে।

শিক্ষায় এআইয়ের প্রভাব নিয়ে গবেষণায় মিশ্র চিত্র উঠে এসেছে। ২০২৫ সালের হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, বিশেষ এআই টিউটর ব্যবহারে শিক্ষার্থীদের শেখার মান ও আগ্রহ বেড়েছে। বিপরীতে এমআইটি মিডিয়া ল্যাবের একই বছরের একটি সমীক্ষা বলছে, চ্যাটজিপিটি ব্যবহার করে কাজ দ্রুত শেষ করা গেলেও শিক্ষার্থীদের চিন্তাশক্তি বা মানসিক প্রতিফলন কমে যাচ্ছে। র‍্যান্ড-এর জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অধিকাংশ শিক্ষার্থী এবং গণিত, বিজ্ঞান ও ইংরেজির শিক্ষকরা পড়াশোনায় এআই ব্যবহারের কথা স্বীকার করেছেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষাবিদ আন্তেরো গার্সিয়ার মতে, শিক্ষাক্ষেত্রে এআইয়ের প্রকৃত অর্থ ও প্রভাব এখনো পুরোপুরি বুঝে ওঠা সম্ভব হয়নি।

অপব্যবহারের এত উদ্বেগের পরও কিছু শিক্ষক এআইকে শ্রেণিকক্ষের উপযোগী হাতিয়ার হিসেবে গ্রহণ করে এর ইতিবাচক দিকগুলো কাজে লাগাচ্ছেন। নিউইয়র্কের সমাজবিজ্ঞানের শিক্ষক মাইকেল জাগারি শিক্ষার্থীদের পাঠ দক্ষতার ওপর ভিত্তি করে ঐতিহাসিক শব্দ চয়ন সহজ করতে ও বড় নিবন্ধকে সংক্ষিপ্ত করতে এআই ব্যবহার করেন। গবেষণামূলক কাজ শুরুর ক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের এআই ব্যবহারের উৎসাহ দেন, কারণ এআইকে সঠিকভাবে নির্দেশ দেওয়ার মাধ্যমেও সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটে। জাগারির মতে, ইন্টারনেট ব্যবহারের মতো এআই ব্যবহারের ক্ষেত্রেও শিক্ষার্থীদের দায়িত্ববোধ শেখানো জরুরি, কারণ এই প্রযুক্তি হঠাৎ করে হারিয়ে যাবে না।

ডিজিএন/এফএ

banner
Link copied!