ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
Daily Global News

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ : উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০৮:২৫ পিএম

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ : উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার ফলাফল আজ বুধবার (২১ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী, যারা এখন মৌখিক পরীক্ষার (ভাইভা) মুখোমুখি হবেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে মোট ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী এবারের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলায় গত ৯ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল নিম্নোক্ত ওয়েবসাইটগুলোতে পাওয়া যাচ্ছে:

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: www.mopme.gov.bd

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর: www.dpe.gov.bd

এছাড়া উত্তীর্ণ প্রার্থীরা তাদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানতে পারবেন।

গত ৯ জানুয়ারির পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নফাঁসের গুঞ্জন এবং ‘ডিভাইস পার্টি’র সক্রিয়তা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে গাইবান্ধা, নওগাঁ ও দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকে হাতেনাতে ২০৭ জন প্রার্থীকে আটক করা হয়।

পরীক্ষার্থীদের একটি অংশ পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। অধিদপ্তরের দাবি, প্রশ্নফাঁসের কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি এবং জালিয়াতি চক্রকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। ফলে পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই বলেই আজ ফলাফল ঘোষণা করা হলো।

লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের জেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য শিগগিরই তারিখ ঘোষণা করা হবে। এরপরই শুরু হবে চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা।

ডিজিএন

banner
Link copied!