ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমণি এবং শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরীকে এবার প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের সিনেমা ‘শাস্তি’।
গত সোমবার ঢাকার একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর কাহিনী। লাকির জা ‘মীরা’র চরিত্রে অভিনয় করবেন পরীমণি, যিনি এই রহস্যময় মৃত্যুর প্রধান সন্দেহভাজন। ভার্চুয়াল জীবন, মিডিয়ার বিচার এবং ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার এক রুদ্ধশ্বাস গল্প নিয়ে এগিয়ে যাবে এই ছবি।
মাঝে বিরতি দিয়ে নতুন উদ্যমে কাজে ফেরা পরীমণি বলেন, “পরিচালক যখন আমাকে এই চিত্রনাট্য শোনান, আমি এক মুহূর্তেই রাজি হয়ে যাই। চঞ্চল ভাইয়ের মতো গুণী একজন অভিনেতার সঙ্গে কাজ করা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। আশা করছি দর্শকদের দারুণ কিছু উপহার দিতে পারব।” এর আগে চঞ্চল চৌধুরী ও পরীমণিকে একসঙ্গে কোনো সিনেমায় দেখা না গেলেও এই জুটির কেমিস্ট্রি নিয়ে ভক্তদের মাঝে এখনই ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
সিনেমাটি পরিচালনা করছেন প্রশংসিত নির্মাতা লীসা গাজী। তিনি বলেন, “রবীন্দ্রনাথের গল্পের বীজ থেকে এর জন্ম হলেও ‘শাস্তি’ আজকের বাস্তবতার প্রতিচ্ছবি। বাস্তব ও ভার্চুয়াল জীবনের টানাপোড়েন এখানে উঠে আসবে।”
সিনেমাটি আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এতে বাংলাদেশ, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও হংকংয়ের একাধিক প্রযোজনা সংস্থা যুক্ত রয়েছে। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ঢাকায় শুরু হবে এর চিত্রায়ন।
অন্যান্য শিল্পী: আনান সিদ্দিকা, অর্ক দাসসহ আরও অনেক গুণী অভিনেতা এতে অভিনয় করবেন। চিত্রনাট্য লিখেছেন লীসা গাজী, আনান সিদ্দিকা ও সাদিয়া খালিদ ঋতি। চিত্রগ্রহণে থাকছেন অ্যালেক্স উনাই এবং সংগীত পরিচালনায় অদিত রহমান।
ডিজিএন


আপনার মতামত লিখুন :