ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
Daily Global News

সোমবার জামায়াত জোটের বিক্ষোভ: রাজপথে নামছে ১১ দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:২৯ পিএম

সোমবার জামায়াত জোটের বিক্ষোভ: রাজপথে নামছে ১১ দল

নির্বাচন পরবর্তী দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এদিন আসরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জোটের লিয়াজোঁ কমিটির এক জরুরি বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন স্থানে জোটের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভোটের আগে থেকে শুরু করে ভোটের রাত পর্যন্ত সারা দেশে অন্তত ২১টি বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। ১১ দলীয় জোটের নেতাকর্মীদের বহু ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং পরিবারের সদস্যদের ওপর হামলার খবর পাওয়া গেছে। জোটের অভিযোগের তীর মূলত নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির এক শ্রেণির অতি উৎসাহী নেতাকর্মীদের দিকে।

উল্লেখ্য, আগামী সোমবার সকালেই নতুন সংসদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক একই দিনে বিকেলের এই বিক্ষোভ কর্মসূচি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জামায়াত আমিরের ‘শান্তিপূর্ণ বিরোধী দল’ হওয়ার ঘোষণার পর এই প্রথম কোনো প্রতিবাদী কর্মসূচি নিয়ে রাজপথে নামছে জোটটি।

বৈঠকে জোটের নেতারা সাফ জানিয়েছেন, বিজয়ের দোহাই দিয়ে কোনো ধরনের অরাজকতা সহ্য করা হবে না। তাঁরা অনতিবিলম্বে এসব হামলা বন্ধ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ডিজিএন/এনএস

banner
Link copied!