ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তাপ এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছে। মঙ্গলবার (৩ মার্চ) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হেনেছে। রয়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হামলার পর কূটনৈতিক এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দূতাবাস প্রাঙ্গণ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দুটি ড্রোন সরাসরি দূতাবাসে আঘাত হানলে সেখানে সীমিত পরিসরে আগুন ধরে যায়। যদিও ভবনের সামান্য ক্ষতি হয়েছে, তবে এই ঘটনায় কূটনৈতিক পাড়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেদ্দা, রিয়াদ ও দাহরান অঞ্চলের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস।
এই হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন। নিউজনেশনের সাংবাদিক কেলি মেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এই হামলার জবাবে ওয়াশিংটন কী করতে যাচ্ছে, তা আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন।” তাঁর এই বক্তব্য থেকে স্পষ্ট যে, মার্কিন বাহিনী এখন বড় ধরনের কোনো পাল্টা হামলার পরিকল্পনা করছে।
গত সোমবার কুয়েত ও জর্ডানের মার্কিন দূতাবাসে হামলার পর আজ রিয়াদে এই ঘটনা ঘটল। জর্ডানের রাজধানী আম্মান থেকে ইতিমধ্যে সকল মার্কিন কর্মীকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এখন মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন কূটনৈতিক ও সামরিক স্থাপনাগুলোকে মূল লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :