সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে তিন শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো, মাওয়া আক্তার (১০), শামীম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। আশঙ্কাজনক অবস্থায় বাবা সরাফত আলীকে (৩৫) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরাফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে যান। প্রবাসে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আগে থেকেই মনমালিন্য চলছিল। এর জেরে শুক্রবার রাতে সরাফত আলী তিন সন্তানকে নিয়ে ঘরে ঘুমাতে যান এবং রাতের কোনো একসময় সন্তানদের বিষ খাইয়ে নিজেও বিষপান করেন।
এরপর তিনি ময়মনসিংহে থাকা তাঁর এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং ক্ষমা চান। ফুফু তাৎক্ষণিকভাবে সরাফত আলীর ছোট ভাই রহমত আলীকে খবর দিলে স্বজনরা দরজা ভেঙে চারজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।
তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। বাবা সরাফত আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত শিশুদের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :