রাজধানী ঢাকায় শনিবার রাতের বিভিন্ন সময়ে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দফায় দফায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মাতুয়াইলে বাসে আগুন দেওয়া ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সচিবালয় ও কমলাপুর রেলস্টেশনসহ বেশ কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণ ও নাশকতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে মোটরসাইকেলসহ আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১টা ৩ মিনিটে তারা আগুন লাগার খবর পান। খবর পেয়ে সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে এবং ১টা ২০ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
একই রাতে রাজধানীর আরও কয়েকটি স্থানে সিরিজ নাশকতার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার সংলগ্ন সড়ক এবং সচিবালয় মেট্রো স্টেশনের নিচের সড়কে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেও হাতবোমা বিস্ফোরিত হয়। শুধু তাই নয়, যাত্রাবাড়ী থানার বিপরীতে বিস্ফোরণ ছাড়াও মিরপুর, বাড্ডা এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনের সড়কে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এদিকে, রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, রাজধানীতে এসব হাতবোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত আসামিদের একটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা প্রাথমিকভাবে ওই বার্তায় স্পষ্ট করা হয়নি। এসব ঘটনা ও গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রোববার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :