গণভোটের রায় বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই কর্মসূচির সূচনা হয়।
লংমার্চ শুরুর আগে সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব দাবি মানা না হলে ১১ দলীয় ঐক্যের ৮ দফা যেকোনো সময় এক দফায় পরিণত হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় কোনো চোখরাঙানিতে কাজ হবে না।
গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুর জিলা স্কুলে গিয়ে শেষ হবে এই লংমার্চ। ঢাকা-রংপুর পথে মোট ৭টি জনসভা ও ৫টি পথসভা করবে ১১ দলীয় ঐক্য।
এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ৬ দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে প্রথম দফার লংমার্চ করেছিল জোটটি। এবারের কর্মসূচিতে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নতুন দাবিটি যুক্ত করা হয়েছে।
সমাবেশে অন্যান্য শরিক দলের নেতারাও বক্তব্য রাখেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও সিটি করপোরেশনের লোকজন তাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলছে; তবে ব্যানার ছিঁড়ে এই গণজোয়ার ঠেকানো যাবে না।
অন্যদিকে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জনদুর্ভোগ এড়াতেই তারা অবরোধের মতো কর্মসূচিতে যাননি। সরকার জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে ভবিষ্যতে আরও কঠিন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন জোটের নেতারা।


আপনার মতামত লিখুন :