ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
Daily Global News

রিয়াদে জরুরি বৈঠকের মাঝেই সৌদিতে হুতিদের হামলা, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:৩৭ এএম

রিয়াদে জরুরি বৈঠকের মাঝেই সৌদিতে হুতিদের হামলা, আহত ১৩

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রতিবেশী সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার খামিস মুশাইত শহরের বাদশাহ খালিদ (কিং খালিদ) বিমানঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুতিদের এই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলার পরপরই পরিস্থিতি বিবেচনায় খামিস মুশাইতসহ দক্ষিণাঞ্চলের আরও তিনটি শহরে জরুরি সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ।

হামলার দায় স্বীকার করে সোমবার এক বিবৃতিতে হুতিদের পক্ষ থেকে জানানো হয়, বাদশাহ খালিদ বিমানঘাঁটিতে তারা বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মূলত ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের।

বিবৃতিতে আরও জানানো হয়, এই হামলায় বিমানঘাঁটির রানওয়ে, রাডার ব্যবস্থা, অস্ত্রাগার এবং এয়ারক্র্যাফট হ্যাঙ্গারগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে ইয়েমেনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের সাম্প্রতিক দ্রুতগতির অগ্রযাত্রা ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে রিয়াদে যখন জরুরি আলোচনা চলছিল, ঠিক সেই মুহূর্তেই এই হামলার ঘটনা ঘটে।

শুধু সৌদি আরবে হামলাই নয়, এর পাশাপাশি লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের উপকূলীয় এলাকাগুলোতেও নিজেদের সামরিক অবস্থান ও শক্তি আগের চেয়ে আরও সুসংহত করেছে হুতি বিদ্রোহীরা।

ডিজিএন/এফএ

banner
Link copied!