ঢাকা সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২ চৈত্র ১৪৩২
Daily Global News

নীলফামারী পৌঁছেছেন প্রধানমন্ত্রী: দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১১:৫৭ এএম

নীলফামারী পৌঁছেছেন প্রধানমন্ত্রী: দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন আজ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তিনি ঢাকা থেকে নীলফামারী অবতরণ করেন। বর্তমানে তিনি সড়ক পথে কর্মসূচিস্থল দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করছেন।

প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা উত্তরবঙ্গে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিমানবন্দর থেকে দিনাজপুর পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়ে তাকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো প্রেস বার্তা অনুযায়ী, আজ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে দেশব্যাপী ঐতিহাসিক ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি ও সেচ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে এই মেগা প্রকল্পের সূচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী আজকের প্রধান কার্যক্রমগুলো হলো: দুপুর সাড়ে ১২টায় কাহারোলের বলরামপুরে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

বিকেল: জেলার শেখ ফরিদ মডেল কবরস্থানে তাঁর নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। বিকেল ৫ টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।

বিশ্লেষকরা মনে করছেন, দেশব্যাপী খাল খনন কর্মসূচির এই উদ্বোধন কৃষি বিপ্লবের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা ঐতিহাসিক খাল খনন কর্মসূচির আধুনিক সংস্করণ হিসেবে এটিকে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দিনাজপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিজিএন/এনএস

banner
Link copied!